অপহরনের পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ব্লক কংগ্রেস সভাপতি তথা ২১ নম্বর জেলা পরিষদের আসনে কংগ্রেসের প্রার্থী লিয়াকৎ আলির। পুলিশ ও প্রশাসনের কাছে বারংবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ কংগ্রেসের। তাই ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল বের করে পথে নামল জেলা কংগ্রেস।
জানা গিয়েছে, শুক্রবার বিকালে রায়গঞ্জের গান্ধী মূর্তি পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা কংগ্রেস নেতৃত্ব। এদিনের আন্দোলনে সামিল হন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, কংগ্রেস নেতা পবিত্র চন্দ সহ এই মিছিলে পা মেলান শাতাধিক কংগ্রেস কর্মী ও সমর্থকেরা। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগের পাশাপাশি পুলিশের একাংশ এই অপহরণের কাজের সাথে যুক্ত রয়েছে বলে দলের তরফে অভিযোগ করা হয়। এদিন কংগ্রেসের এই ধিক্কার মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে বলে দলীয় সূত্রে জানা যায়। এরপর রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করা হয় বলে খবর।